বিডিআর সদস্যরা তাদের ১০ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। বুধবার সন্ধ্যা সাতটায় বিডিআর এর এক সুবেদার তাদের দাবি সম্বলিত একটি চিঠি দ্য এডিটরের সাংবাদিকের হাতে দেন।
বিডিআর বিদ্রোহের ঘটনায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণকে একাত্ম করেই বিডিআর বিদ্রোহ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয়া হবে।এজন্য তিনি জনগণকে শান্ত থকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার বাসভবন যমুনায় মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে এসব কথা বলেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। বৃহস্পতিবার সকাল ৯ টায় শুরু হয়ে এ বৈঠক ১১টা পর্যন্ত চলে। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ছাড়াও উপস্থিত ছিলেন, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মহিউদ্দিন খান আলমগীরসহ প্রমুখ। আমির হোসেন আমু সাংবাদিকদের আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের সব জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ও দেশবাসীকে সঙ্গে নিয়ে বিডিআর বিদ্রোহ সমাধান করা হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। এ ব্যাপারে সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, এসময় গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারের তরফ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে।